মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ। আরএমপি নিয়মিতভাবে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে পবা থানার নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে মধ্যপুঠিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. হাসেম আলী (৬০)-কে আটক করা হয়।

পরবর্তীতে তার দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৮ বোতলে মোট ৩২ হাজার ৪০ মিলিলিটার অ্যালকোহল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়।

পবা থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে নজরদারি চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অ্যালকোহল ও নগদ অর্থ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে আরএমপির এক কর্মকর্তা বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে আরএমপির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মহানগরীর কোথাও মাদক ব্যবসার সুযোগ দেওয়া হবে না। মাদক নির্মূলে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *