রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

                                             ফাইল ছবি

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে পদ্মা নদীতে একটি ডিঙ্গি নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকার পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন মহানগরীর শ্যামপুর বালিরঘাট এলাকার বাসিন্দা কাফসার (৬০) এবং তার ছেলে জিয়ারুল (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে একটি ডিঙ্গি নৌকায় করে আটজন শ্রমিক বাড়ি ফিরছিলেন। নৌকাটি বড়কুঠি এলাকার পদ্মা নদীর মাঝামাঝি পৌঁছালে প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও কাফসার ও তার ছেলে জিয়ারুল নদীর স্রোতে নিখোঁজ হন।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে থেমে থেমে বৃষ্টিপাত এবং নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। এরপরও ডুবুরি দল নৌকাযোগে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ কাফসারের স্ত্রী জানান, প্রতিদিনের মতো কাজ শেষে তার স্বামী ও ছেলে বাড়ি ফিরছিলেন। নদীর মাঝপথে প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। তিনি দ্রুত তাদের উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মঞ্জিল হক

“দেশবার্তা বিডি ২৪. কম’ কে বলেন,

স্থানীয়দের তথ্যমতে দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ছয় সদস্যের একটি ডুবুরি দল কাজ করছে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে নদীর তীর ভারী হয়ে উঠেছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *