রাজশাহীর কাটাখালীতে চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি ৩৬ ঘণ্টার মধ্যে যশোর থেকে গ্রেপ্তার

 

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর কাটাখালী থানার আলোচিত ফরিদা হত্যা মামলার প্রধান আসামি মো. বাবুল সরকার (৪৫)কে ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে যশোর জেলার রাজারহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ ও র‍্যাব-৬-এর যৌথ আভিযানিক দল।

র‍্যাব জানায়, গত ২৬ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৫ (সিপিএসসি, রাজশাহী) ও র‍্যাব-৬ (সিপিসি-৩, যশোর)-এর একটি যৌথ দল যশোরের রাজারহাট এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক প্রধান আসামি মো. বাবুল সরকারকে গ্রেপ্তার করে। তিনি রাজশাহীর কাটাখালী থানাধীন হরিয়ান পূর্বপাড়া এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে।

র‍্যাবের প্রাথমিক তথ্যমতে, নিহত ফরিদার পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত ২৪ জুলাই সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে কাটাখালী থানাধীন হরিয়ান পূর্বপাড়া গ্রামে বাদীর বসতবাড়িতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ফরিদা গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কাটাখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হত্যা, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য গুরুতর অপরাধে জড়িতদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *