মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-১, ঢাকার যৌথ অভিযানে নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের প্যাঙ্গাসিয়া বাজার এলাকা থেকে ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গত ১৪ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্পের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল নাটোর জেলার সিংড়া থানাধীন ৫ নম্বর চামারী ইউনিয়নের প্যাঙ্গাসিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ডাকাতি মামলার এজাহারভুক্ত তিন আসামি— সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাচামারা গ্রামের মো. সুজন মিয়া (২৬), নাটোর জেলার সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. আরিফুল ইসলাম সবুজ (৩৮) এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার বেতিল ইউনিয়নের গোবরে খে গ্রামের মো. এমদাদুল হক (৩৭)-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় দায়েরকৃত ডাকাতি মামলার সংশ্লিষ্টতা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কামারখন্দ থানার মামলা নং-১১, তারিখ ২৭ মে ২০২৬, পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫, রাজশাহী জানায়, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *