রাজশাহী জেলা পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি হেরোইনসহ বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ১৬ মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে রাজশাহী জেলা পুলিশের চলমান সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে দ্বিতীয় দিনেই উল্লেখযোগ্য সাফল্য এসেছে। জেলার বিভিন্ন উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে দেড় কেজি হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মাদক-সংশ্লিষ্ট অভিযোগে ৭ জন এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৯ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদের নির্দেশনা এবং রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের সার্বিক তত্ত্বাবধানে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক কারবার নির্মূল, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন, ৬০৮টি ইয়াবা ট্যাবলেট, ১০০ বোতল ইসকাফ সিরাপ, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৮ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৯ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে ১৬ জনকে আইনের আওতায় আনা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আদালতের মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে এই অভিযান চলমান থাকবে।’ রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নেতৃত্বে জেলার প্রতিটি থানায় অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস, চোরাচালান ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের এ বিশেষ অভিযান নির্ধারিত সময় পর্যন্ত অব্যাহত থাকবে। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার ফলে মাদক কারবারি ও পলাতক আসামিদের আইনের আওতায় আনা সহজ হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। Post navigation এসপি নাঈমুল হাসানের দিকনির্দেশনায় তানোরে বিশেষ অভিযান: ওসি মাসুদ পারভেজের তত্ত্বাবধানে ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার এসপি তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযান, টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬