রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে মানবিক দৃষ্টান্ত: শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন পুঠিয়ার এসি (ল্যান্ড) শিবু দাশ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে তথ্যগত ভুল সংশোধনে দ্রুত উদ্যোগ নিয়ে মানবিকতা ও জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। তাঁর আন্তরিক হস্তক্ষেপে দীর্ঘদিনের জটিলতা নিরসনের পথ তৈরি হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও তার পরিবারের মাঝে। জানা গেছে, পুঠিয়া উপজেলার বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকার, পিতা কালাম সরকার। রেজিস্ট্রেশন কার্ডে গুরুত্বপূর্ণ তথ্যগত ত্রুটি থাকায় আসন্ন পরীক্ষা, উচ্চশিক্ষায় ভর্তি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে সে। সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সমাধান না পেয়ে অবশেষে বিষয়টি পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নজরে আনা হয়। অভিযোগ পাওয়ার পরই এসি (ল্যান্ড) শিবু দাশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের ব্যবস্থা গ্রহণ করেন এবং দ্রুত ভুল সংশোধনের কার্যক্রম এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেন। শুধু প্রশাসনিক নির্দেশনাই নয়, শিক্ষার্থীর আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতাও প্রদান করেন, যাতে সংশোধন কার্যক্রমে কোনো ধরনের বিলম্ব না হয়। শিক্ষার্থী রকি সরকার বলেন, “রেজিস্ট্রেশন কার্ডের ভুল নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম। স্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন। তাঁর সহযোগিতা না পেলে এত দ্রুত সমস্যার সমাধান সম্ভব হতো না। আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।” শিক্ষার্থীর পরিবারের সদস্যরাও জানান, প্রশাসনের একজন কর্মকর্তার এমন আন্তরিকতা ও মানবিক আচরণ তাদের মুগ্ধ করেছে। তারা বলেন, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষায় এসি (ল্যান্ড) শিবু দাশ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং অন্যদের জন্যও অনুকরণীয়। স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, বর্তমান সময়ে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সরকারি কর্মকর্তা যখন দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি মানবিক বিবেচনায় একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষায় এগিয়ে আসেন, তখন সেটি জনসেবামূলক প্রশাসনের বাস্তব প্রতিফলন হয়ে ওঠে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “প্রশাসনের মূল লক্ষ্যই হলো মানুষের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন একটি তথ্যগত ভুলের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। সরকারি কর্মকর্তা হিসেবে মানুষের পাশে থাকা এবং নাগরিক সেবা সহজ করা আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও জনগণের স্বার্থে একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।” এ ঘটনাকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা, নাগরিক সেবায় মানবিকতা, জবাবদিহিতা ও দ্রুততার যে ইতিবাচক দৃষ্টান্ত পুঠিয়ার এসি (ল্যান্ড) শিবু দাশ স্থাপন করেছেন, তা প্রশাসনের অন্যান্য ক্ষেত্রেও অনুসরণ করা হবে এবং সাধারণ মানুষ আরও সহজে কাঙ্ক্ষিত সেবা পাবেন Post navigation তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তানোরে পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার