ফেসবুক ও ইমোতে ফাঁদ, নগ্ন ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ; নওগাঁয় দুই তরুণীসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলায় ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে তরুণদের প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই তরুণীসহ চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ১৪ এপ্রিল রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, চক্রটি দীর্ঘদিন ধরে সর্দারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে পরিকল্পিতভাবে অপরাধ সংঘটিত করে আসছিল। তারা ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলে কৌশলে ওই বাসায় নিয়ে আসত। পরে তাদের মারধর করে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করা হতো। এরপর এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করত বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মাহফুজুর রহমান বাঁধন (২৬), মো. মমিনুর ইসলাম (২২), মোছা. রুমা খাতুন (২০) এবং মোছা. সাদিয়া আক্তার মায়া (১৯)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা এই অপরাধচক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একই কৌশলে অপরাধ সংঘটিত করতেন বলেও তথ্য দিয়েছেন। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কাউকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং প্রলোভনে পা দেওয়ার ক্ষেত্রে তরুণদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।” পুলিশের মতে, তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে সংঘটিত এ ধরনের হানিট্র্যাপ ও সাইবার ব্ল্যাকমেইল এখন উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই অপরিচিত ব্যক্তির ডাকে নির্জন স্থানে যাওয়া বা ব্যক্তিগত তথ্য ও ছবি শেয়ার না করার জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। Post navigation হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নিয়মিত মামলা ও পরোয়ানায় আরও ৩ আসামি আটক; ওসি এস এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় তানোর থানার পুলিশের ধারাবাহিক অভিযানে সাফল্য চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮