তানোরে পুরনো প্রশ্নে এইচএসসি পরীক্ষা: কেন্দ্রসচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

রাজশাহীর তানোরে সরকারি আব্দুল করিম সরকার কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি বাংলা প্রথমপত্রের এমসিকিউ পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্রসচিবসহ তিন দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে এবং নতুন কেন্দ্রসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন সরকারি আব্দুল করিম সরকার কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং সহকারী অধ্যাপক সেকেন্দার আলী ও আফজাল হোসেন। নতুন কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গোলাম নবীকে।

(👉Visit to get the latest news
http://www.deshbartabd24.com)
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি আব্দুল করিম সরকার কলেজের সভাপতি নাঈমা খান বিষয়টি নিশ্চিত করেছেন

জানা গেছে, গত ২ জুলাই অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় কালীগঞ্জ হাট ডিগ্রি কলেজের ৭ জনসহ মোট ১১ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের এমসিকিউ (ক সেট) প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে তা গোপন রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, তারা যাতে বিষয়টি কাউকে না জানান বা অভিযোগ না করেন, সে জন্য এক শিক্ষক তাদের শাসিয়েছিলেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি জানান।

অধ্যক্ষ ড. মোস্তফা কামাল বলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অনিচ্ছাকৃত ভুলে ২০২৫ সালের এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে এবং তাকে কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রসচিব ও দুই কক্ষ পরিদর্শককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী শিক্ষা বোর্ডকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *