রাজশাহীতে আলোচিত রেজাউল হত্যা মামলার প্রধান আসামি ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার র্যাব 👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com নিজস্ব প্রতিবেদক | রাজশাহী।২৮ জুন ২০২৬ রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে সংঘটিত আলোচিত রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব উর রহমান (২২)-কে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫, রাজশাহীর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫-এর সদর কোম্পানি এবং র্যাব-৪-এর সিপিএসসি মিরপুর-১-এর একটি যৌথ আভিযানিক দল শনিবার (২৮ জুন) রাত ১২টা ১০ মিনিটে ঢাকার মিরপুর থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুন সকাল সাড়ে ৯টার দিকে রেজাউল করিমের ছেলে রাকিব উর রহমান চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান। এ সময় রেজাউল করিম স্ত্রী আঞ্জুরা বেগমের কাছ থেকে টাকা নিতে বললে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম তার স্ত্রীকে মারধর করলে পাশে থাকা রাকিব বাড়ির উঠানে থাকা একটি মুন্ডর (ভারী কাঠের বস্তু) দিয়ে বাবার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত রেজাউল করিমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে ২৩ জুন চন্দ্রিমা থানায় ছেলে রাকিবকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি। তবে এই স্বীকারোক্তির বিষয়ে আদালতের বক্তব্যই চূড়ান্ত আইনি ভিত্তি হিসেবে বিবেচিত হবে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। Post navigation তালন্দ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মতবিনিময় সভা, পরে নামযজ্ঞ মহোৎসবে যোগ দিলেন মিজানুর রহমান মিজান রাজশাহী কলেজে মৌখিক পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক