👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com দেশবার্তা বিডি২৪.কম,ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা থাকলেও এর বাস্তবায়ন পদ্ধতিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সব গ্রেডেসমান হারে বেতন বৃদ্ধি কার্যকর করার পরিবর্তে গ্রেডভিত্তিক পৃথক কৌশল গ্রহণের বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নতুন বেতন কাঠামোয় মূল বেতনের (বেসিক পে) যে পরিমাণ বৃদ্ধি হবে, তার ৫০ শতাংশ প্রথম অর্থবছরে এবং অবশিষ্ট ৫০ শতাংশ দ্বিতীয় অর্থবছরে পরিশোধের চিন্তা ছিল। পরে বর্ধিত ভাতার অংশ যুক্ত করার পরিকল্পনাও ছিল। তবে সর্বশেষ আলোচনায় গ্রেডভিত্তিক ভিন্ন হারে বেতন বৃদ্ধির একটি প্রস্তাব সামনে এসেছে। এ প্রস্তাব অনুযায়ী, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ আগামী অর্থবছরে এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ৬০ শতাংশ আগামী অর্থবছরেই পরিশোধের বিষয়টি বিবেচনায় রয়েছে। এদিকে, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের ধারাবাহিকতায় গঠিত জাতীয় বেতন কমিশন-২০২৫ চলতি বছরের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। একই সঙ্গে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কমিশনও তাদের সুপারিশমালা জমা দিয়েছে। বেতন কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেডভেদে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের রাজস্ব খাত থেকে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে। এই বিপুল আর্থিক চাপ বিবেচনায় নিয়েই ধাপে ধাপে বেতন বৃদ্ধি কার্যকর এবং নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে নতুন বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি রয়েছে সরকারের চূড়ান্ত প্রজ্ঞাপনের দিকে। সেখানে নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়টি স্পষ্ট হবে। Post navigation ⚽ফিফা বিশ্বকাপ ২০২৬।।⚽ হলান্ড-এমবাপ্পে দ্বৈরথ হলো না, দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে ফ্রান্স রাজশাহীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন