হালুয়াঘাটে জুমার নামাজ শেষে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য ইউএনওর, পরিদর্শন করলেন নাশুল্লা বাজার জামে মসজিদ

দেশবার্তা বিডি২৪. কম ডেস্ক :

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ শুক্রবার (১০ জুলাই) নাশুল্লা বাজার কাচারী জামে মসজিদ পরিদর্শন করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক মারাত্মক অভিশাপ। মাদকের অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে ইউএনও ফয়সাল আহমেদ মসজিদের চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি মসজিদের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল, পরিকল্পিত ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *