লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যম আইডি হ্যাকিং চক্রের দুই সদস্য গ্রেপ্তার মুন নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (২৪ আগস্ট) ভোর ৪টা ১০ মিনিটে লালপুর উপজেলার জোতগৌরী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের বাসিন্দা মোঃ সোহেল রানা (১৯) ও মোঃ রাজীব আলী (২৭)কে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। লালপুর থানা পুলিশের এই অভিযানকে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সাইবার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুলিশ বলছে, অনলাইনভিত্তিক প্রতারণা, আইডি হ্যাকিংসহ সাইবার অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অজ্ঞাত লিংকে প্রবেশ, অপরিচিত ব্যক্তির সঙ্গে গোপনীয় তথ্য ও পাসওয়ার্ড শেয়ার এবং সন্দেহজনক অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। Post navigation নাটোরের গুরুদাসপুরে র্যাবের অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার র্যাব-৫ এর অভিযানে নাটোরে ১০৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার