রাজশাহী জেলা পুলিশের নতুন এসপির কাছে দায়িত্ব হস্তান্তর

মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. মামুন অর রশিদ। রোববার (২৩ আগস্ট) বিকেলে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবযোগদানকৃত পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। ২৮তম বিসিএসে সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের কারণে পুলিশ বিভাগে তাঁর সুনাম রয়েছে।

দায়িত্ব গ্রহণের পর রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার, সিআইডি হিসেবে যোগদানের উদ্দেশ্যে রোববার রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

রাজশাহীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার এবং হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের কার্যক্রম জোরদার হয়। এসব কর্মকাণ্ডে তিনি প্রশংসা অর্জন করেন।

দায়িত্বকালে পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন বিদায়ী পুলিশ সুপার। নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেছেন জেলা পুলিশের কর্মকর্তারা।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *