মাদক-অনলাইন জুয়ার বিরুদ্ধে পুঠিয়ায় শিবু দাসের অভিযান, ৩ জন কারাগারে

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি রাজশাহী : 

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অবস্থানে রয়েছে পুঠিয়া উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার থান্দারপাড়া, খুঁটিপাড়া ও শিবপুরহাট এলাকায় পরিচালিত অভিযানে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে এসব এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উদ্দেশ্য ছিল মাদক বিক্রেতা, মাদকসেবী এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা। একই সঙ্গে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।

অভিযানে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নুর ইসলাম, পিতা সুলতান প্রামাণিক; রাজু শেখ, পিতা হযরত শেখ এবং জাহিদ হোসেন, পিতা শাহ জামাল আলী।

অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।

স্থানীয়দের ভাষ্য, মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিভিন্ন বয়সী তরুণদের মধ্যে মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা বলছেন, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার শুধু ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও। ফলে এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক বিক্রেতা, মাদকসেবী এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকায় পুঠিয়ার সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থাও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed