মহালছড়িতে ইউএনও শিবু দাসের নেতৃত্বে অভিযান, জব্দ ১ হাজার ৫৫০ কেজি সরকারি গম

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সরকারি গম জব্দে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাসের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে ৩১ বস্তা সরকারি গম জব্দ করা হয়েছে। জব্দ করা গমের মোট ওজন ১ হাজার ৫৫০ কেজি।

গতকাল রাতে উপজেলার চোংড়াছড়ি গুচ্ছগ্রামের আবু সাঈদ নামে এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়। রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা গমের প্রতিটি বস্তায় ৫০ কেজি করে গম ছিল। এসব গম গুচ্ছগ্রামের কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। পরে গমগুলো ওই ব্যক্তির বাড়িতে পাওয়া যায়।

দুর্গম এলাকা হওয়ায় রাতের বেলায় গমগুলো পরিবহন করে নিয়ে আসা সম্ভব হয়নি। এ কারণে অভিযান শেষে সেগুলো ঘটনাস্থলেই রেখে দেওয়া হয়। পরে সকালে গমগুলো উপজেলা সদরে নিয়ে আসা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা গম পরবর্তী সময়ে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সরকারি সম্পদের সুরক্ষায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাসের নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা অংশ নেন।

তবে কার্ডধারীদের মধ্যে বিতরণ করা সরকারি গম কীভাবে ওই বাড়িতে পৌঁছাল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *