ভোট গণনায় কারচুপির চেষ্টা হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক,রাজশাহী :

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ভোটের ফলাফলে অনিয়ম বা কারচুপির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজশাহী মহানগর এনসিপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই ক্ষমতার অপব্যবহার নয়, বরং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি মানুষের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, অতীতে প্রশাসনকে ব্যবহার করে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার ঘটনা ঘটেছে। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তা যদি ভোট গণনায় অনিয়ম বা কারচুপির চেষ্টা করেন, তাহলে জনগণ তা মেনে নেবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন।

রাজশাহী মহানগর এনসিপির সভাপতি ও সিটি করপোরেশন মেয়রপ্রার্থী মোবাশ্বের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *