বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক,;

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ঐ

মমিনুল ইসলাম মুন, নিজস্ব

প্রতিনিধি, রাজশাহী  :

দেশের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, প্রবীণ ও নির্ভীক সাংবাদিক সাইদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন।

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে একজন অভিজ্ঞ সাংবাদিকের পাশাপাশি রাজশাহীর নাগরিক অধিকার, সামাজিক আন্দোলন ও জনস্বার্থের বিভিন্ন বিষয়ে সোচ্চার কণ্ঠের অবসান হলো বলে শোকসন্তপ্ত সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উল্লেখ করেন।

ব্যক্তিগত জীবনে অবিবাহিত সাইদুর রহমান মৃত্যুকালে ভাই-বোন, সহকর্মী, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান

সাইদুর রহমান রাজশাহীর একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ও বিদ্যানুরাগী পরিবারের উত্তরসূরি ছিলেন। রাজশাহী নগরের পাঠানপাড়ায় তাঁর জন্ম। সাত ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

তাঁর পিতা ছিলেন সাবেক গভর্নর, বিশিষ্ট আইনজীবী ও প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউর রহমান। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগারে অন্তরীণ অবস্থায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর মাতা ভাষাসৈনিক মনোয়ারা রহমান ছিলেন আজীবন সমাজসেবী। এছাড়া রাজশাহীতে উচ্চশিক্ষার প্রসার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম রূপকার প্রখ্যাত আইনজীবী মাদার বখশ ছিলেন সাইদুর রহমানের নানা।

শিক্ষাজীবনে সাইদুর রহমান রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক এবং রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি রাশিয়ায় পাড়ি জমান এবং মস্কো থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

চার দশকের সাংবাদিকতা জীবন

আশির দশকে দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি হয় সাইদুর রহমানের। এরপর দীর্ঘ চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জাতীয় দৈনিক ভোরের কাগজে কর্মরত ছিলেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি রাজশাহীর বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ, উন্নয়ন, জনস্বার্থ ও নাগরিক অধিকার নিয়ে নিয়মিত লেখালেখি করেছেন। রাজশাহীর বিভিন্ন নাগরিক আন্দোলন ও জনস্বার্থসংশ্লিষ্ট নৈতিক আন্দোলনেও তিনি সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেন।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন গভীর শোক প্রকাশ করে বলেন, “সাইদুর রহমান কেবল একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন রাজশাহীর বিবেক ও রাজপথের সাহসী কণ্ঠস্বর। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা ও নাগরিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো।”

প্রেসক্লাবে শেষ শ্রদ্ধা

সাইদুর রহমানের ছোট বোন আফরোজী রহমান খেলনা জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর তাঁর মরদেহ প্রথমে নগরের পাঠানপাড়ার বাসভবনে নেওয়া হয়। পরে দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মরদেহ রাখা হয় ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব প্রাঙ্গণে।

সেখানে তাঁকে শেষবারের মতো দেখতে এবং শ্রদ্ধা জানাতে সাংবাদিক, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত হন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অনেকেই তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিভিন্ন মহলের শোক ও শ্রদ্ধা

প্রয়াত প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ফোনে শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহাম্মদ, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, জাতীয় সংসদের হুইপ এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, এড. শফিকুল হক মিলন এমপি, রাজশাহী-৩ এবং নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রাজশাহীর জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং রাজশাহী জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে।

এছাড়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও শোক ও শ্রদ্ধা জানান।

ছেষনিয়মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী এডিটরস ফোরাম, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, সিটি প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, জাসদ,

আরো গভীর শোক  জানিয়েছেন

দেশবার্তা বিডি ২৪.কম পরিবার,

রাজশাহী মহানগর যুবদল, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ, জননেতা আতাউর রহমান ট্রাস্ট, বাজার ব্যবসায়ী সমিতি, ফুল ব্যবসায়ী সমিতি, জাতীয় আদিবাসী পরিষদ, তানোর প্রেসক্লাব, পবা প্রেসক্লাব, মোহনপুর প্রেসক্লাব, বাঘা প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, রাজশাহী মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন জেলা ও উপজেলা প্রেসক্লাব এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত সাইদুর রহমানের দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত সততা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলেও অনেকে মন্তব্য করেন।

জানাজা শেষে দাফন

বাদ আসর নগরের ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) দরগাপাড়া জামে মসজিদে প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্বজন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজা শেষে তাঁকে হেঁতেম খাঁ গোরস্থানের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *