মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুরের মাটি খনন, বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি পরি

বহন এবং সড়ক চলাচলের অনুপযোগী করার অভিযোগে ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (০৭ জুন ২০২৬) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু ।

জানা যায়, দুর্গাপুর পৌরসভার শানপুকুরিয়া, পানানগর ইউনিয়নের বিয়াড়, গোলাবাড়ি ও গুনাজিপাড়া এবং ঝালুকা ইউনিয়নের কুহাড়, কালুপাড়া ও আন্দুয়া এলাকায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি পরিবহনের অভিযোগে মোট ৭টি স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পরিবেশ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত ৬টি ভেকু (এক্সকাভেটর) মেশিন এবং ১টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। এছাড়াও সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন,”অবৈধভাবে মাটি কেটে পরিবেশের ক্ষতি, কৃষিজমি নষ্ট এবং জনসাধারণের চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত করা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ মাটি কাটার কারণে বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছিল। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে অবৈধ মাটি ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ধ্বংস ও সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *