তানোর থানা পুলিশের অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭২ ঘণ্টার মধ্যেই অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যশোর থেকে অপহরণকারী গ্রেপ্তার

 

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :

 

রাজশাহী জেলা পুলিশের আরেকটি সফল অভিযানে অপহরণের শিকার এক নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, দ্রুত তদন্ত এবং আন্তঃজেলা সমন্বিত অভিযানের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই এ সাফল্য অর্জন করেছে তানোর থানা পুলিশ।

পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. নাঈমুল হাসান-এর দিকনির্দেশনায় এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ-এর সার্বিক তত্ত্বাবধানে মামলাটির তদন্ত ও উদ্ধার অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নাঈম। তাঁর সঙ্গে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মোহনপুর এলাকার ময়াটলী গ্রামের বাসিন্দা আজহার আলীর অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত নাবালিকা কন্যাকে গত ১৫ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে কৃষ্ণপুর উত্তরপাড়া সড়ক এলাকা থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় যশোর জেলার

ঝিকরগাছা উপজেলার ছুটিপুকুর এলাকার বাসিন্দা গোলাম রসুল (২১)। তিনি মজিবুর রহমানের ছেলে।

ঘটনার পর ভিকটিমের বাবা তানোর থানায় অভিযোগ দায়ের করলে ১৮ জুলাই ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৭/৩০ ধারায় মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পরপরই জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ওসি এস এম মাসুদ পারভেজের নিবিড় তদারকিতে এসআই আবু নাঈম তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করেন। এরপর পুলিশের একটি বিশেষ টিম যশোর জেলার ঝিকরগাছা থানার ছুটিপুকুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত গোলাম রসুলকে গ্রেপ্তার করে এবং অপহৃত নাবালিকা স্কুলছাত্রীকে নিরাপদে উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। পুলিশ সুপার মো. নাঈমুল হাসান-এর নেতৃত্বে প্রযুক্তিনির্ভর তদন্ত এবং দ্রুত অভিযান পরিচালনার ফলে একের পর এক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তার সম্ভব হচ্ছে।

তানোরবাসীর মতে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা, ওসি এস এম মাসুদ পারভেজ-এর দক্ষ নেতৃত্ব এবং এসআই আবু নাঈম-এর পেশাদারিত্বের ফলে অপহৃত স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশের এই সফল অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *