কাশিমপুর মহিলা কারাগার থেকে দেয়াল টপকে পালালেন সাজাপ্রাপ্ত নারী বন্দি, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত 🌏দেশবার্তাবিডি ২৪.কম, ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক সাজাপ্রাপ্ত নারী বন্দি দেয়াল টপকে পালিয়ে গেছেন। কারাগারে প্রবেশের মাত্র আট দিনের মাথায় ঘটে যাওয়া এ ঘটনায় কারা প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন মেট্রন ও চারজন নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে তদন্ত কমিটি এবং থানায় মামলা করা হয়েছে। কারা সূত্র জানায়, পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার কারওয়ান বাজার এলাকায় বসবাস করতেন। ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজা হওয়ার পর গত ৯ জুলাই আদালতের মাধ্যমে তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষের তথ্যমতে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। নিয়ম অনুযায়ী বিকেল ৫টার মধ্যে বন্দিদের সেলে ফিরিয়ে লকআপ সম্পন্ন করার কথা থাকলেও তা করা হয়নি। এ সুযোগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের কার্নিশ বেয়ে উঁচু সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। ঘটনার পরপরই কারাগারজুড়ে তল্লাশি চালানো হলেও তার সন্ধান মেলেনি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এআইজি প্রিজন্স জান্নাতুল ফরহাদ,অনলাইন নিউজ পোর্টাল ” দেশবার্তা বিডি২৪. কম ” কে বলেন, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে একজন বন্দি পালিয়ে গেলেন, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। ঘটনার পর কোনাবাড়ী এলাকার এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে রিম্পা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, কারাগারের জেলার শিরীন আক্তার বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন। পলাতক বন্দিকে গ্রেপ্তারে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, ঘটনাটি কারাগারের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। Post navigation জাতীয় প্রাথমিক শিক্ষা পদক: ঢাকা জেলার এডিসি ফারজানা রহমান শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানোর থানা পুলিশের অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭২ ঘণ্টার মধ্যেই অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যশোর থেকে অপহরণকারী গ্রেপ্তার