অভিনব কায়দায় যাত্রীবেশে বাসে মাদক পরিবহন, রাজশাহীতে ১১২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

 

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অভিনব কৌশলে যাত্রীবেশে দূরপাল্লার বাসে করে মাদক পরিবহনের সময় ১১২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় ঢাকাগামী যাত্রীবাহী জমজম পরিবহন বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা এক ব্যক্তির কাছ থেকে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. শহিদুল ইসলাম (৪২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাউসনগর (বারিকবাজার) এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া ফেন্সিডিলের মধ্যে এস্কাফ-৫৫ বোতল এবং ফেয়ারডিল-৫৭ বোতল রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন বলে স্বীকার করেছেন।

র‍্যাব-৫ আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা জঙ্গিবাদ, অস্ত্র, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, ভেজাল পণ্য ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে মাদক পাচার রোধে চেকপোস্ট ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *