Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

নিজস্ব প্রতিবেদক,নাটোর :

নাটোরের বহুল আলোচিত আবুল কালাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়ার ভাদাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাটোর সদর উপজেলার কান্দিভিটা পূর্বপাড়া এলাকার মৃত হানিফের ছেলে মো. হাফিজ (৩৫) ও মো. হামজা (৩৬)। তারা সম্পর্কে সহোদর ভাই।

র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাতে নাটোর সদর উপজেলার কান্দিভিটা পূর্বপাড়া কদমতলা মোড়ে পূর্ব বিরোধের জেরে একদল সন্ত্রাসী সজল খানকে হাতুড়ি দিয়ে মারধর করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে আবুল কালাম (৪৯) ও আবু কাউসারের ওপরও হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে আসামিদের সহযোগী ইমন নামে একজন ধারালো অস্ত্র দিয়ে আবুল কালামের বাম পাশের পাঁজরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

একই ঘটনায় আবু কাউসার গুরুতর আহত হন এবং সজল খানের একটি হাত ভেঙে যায়। আহতদের চিকিৎসা দেওয়া হয় বিভিন্ন হাসপাতালে।

এ ঘটনায় নিহতের ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে নাটোর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ ও র‍্যাব-৪-এর যৌথ অভিযানে মঙ্গলবার রাতে আশুলিয়া থেকে হাফিজ ও হামজাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *