চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের দায়ে বিসিআইসি ডিলারের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অসাধু উদ্দেশ্যে সার পাচারের সময় অভিযান চালিয়ে বিসিআইসি সার ডিলার মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫) ও নসিমনচালক মো. মতিনকে (৪৮) আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং চালক মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। তাঁর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক দুজনের বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করেন। অভিযান সূত্রে জানা যায়, অসাধু উদ্দেশ্যে অবৈধভাবে সার পাচারের জন্য পরিবহনের সময় একটি নসিমনসহ ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এ সময় বিসিআইসি সার ডিলার মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ ও নসিমনচালক মো. মতিনকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে নসিমনচালক মো. মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এসব সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের মাধ্যমে সার বিপণন ও পরিবহনে অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি উঠে এসেছে। জনস্বার্থে অবৈধ সার মজুত, পাচার ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। Post navigation বাদী চেনেন না, এজাহারেও নাম নেই—তবু প্রবাসী সিরাজুল গ্রেপ্তার! তানোরে ২০২৪ সালের মামলা নিয়ে প্রশ্ন নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত