কাজিপুরে জেলে কার্ডের চাল তুলতে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে 👩‍🏫 অঞ্জনা চৌধুরী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে। জেলেদের অভিযোগ, সরকারি বরাদ্দের চাল নিতে প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। পাশাপাশি জনপ্রতি ১০ কেজি করে চাল কম দেওয়ারও অভিযোগ করেছেন তাঁরা।জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ সময় জীবিকা নির্বাহে সমস্যায় পড়া জেলেদের সহায়তায় সরকার প্রত্যেক জেলের জন্য ১৬০ কেজি করে চাল বরাদ্দ দেয়। তবে খাসরাজবাড়ী ইউনিয়নে সেই চাল বিতরণ করতে গিয়ে অর্থ আদায় ও পরিমাণে কম দেওয়ার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী জেলেদের দাবি, বরাদ্দের চাল নিতে গেলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হয়। এ ছাড়া নির্ধারিত ১৬০ কেজি চালের পরিবর্তে ১০ কেজি কম দিয়ে ১৫০ কেজি চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। এতে সরকারি সহায়তার পূর্ণ সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।জেলেরা জানান, এ বিষয়ে এর আগেও বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও তাঁরা প্রতিকার পাননি বলে দাবি করছেন। সম্প্রতি আবারও সরকারি চাল বরাদ্দ দেওয়া হলে আগের মতো টাকা দিয়ে এবং কম পরিমাণ চাল নিয়ে সহায়তা গ্রহণে অনীহা প্রকাশ করেন তাঁরা। তাঁদের দাবি, সরকারি বরাদ্দ অনুযায়ী চাল পেতে হলে এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে।ভুক্তভোগী জেলেরা আরও বলেন, সরকারি সহায়তা তাঁদের অধিকার। দুর্দিনে জেলেদের সহযোগিতার জন্য সরকার যে চাল বরাদ্দ দিয়েছে, তা পেতে অতিরিক্ত টাকা দিতে হলে তাঁদের ওপর বাড়তি চাপ তৈরি হয়। তাই বরাদ্দের পুরো চাল বুঝিয়ে দেওয়া এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।এ বিষয়ে খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।এদিকে, জেলেরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।  এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বক্তব্য জানতে দেশবার্তা বিডি২৪. কম এর বার্তা বিভাগ তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাঁদের দাবি, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি খাদ্যগুদাম থেকে সরকারি বরাদ্দের চালের পরিমাণ নিশ্চিত করে তাঁদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।সরকারি সহায়তার চাল বিতরণে অর্থ আদায় ও পরিমাণে কম দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Type your paragraph here

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক।Facebook : Journalist Moon Tanore দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *