গোদাগাড়ীতে এসআরবি-৫-এর অভিযানে ২ কেজি হেরোইন উদ্ধার মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় পদ্মা নদীর তীরে টনি মেম্বারের ঘাটসংলগ্ন একটি ঝোপের পাশ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় পদ্মা নদীর তীরে ঝোপের কাছে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে আশপাশে তল্লাশি চালিয়েও মাদকের মালিক বা সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা যায়নি। এ কারণে উদ্ধার করা হেরোইন জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পরে জব্দ করা হেরোইন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫। ব্যাটালিয়নটির পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাথমিকভাবে উদ্ধার করা হেরোইনের মালিক কিংবা এর সঙ্গে জড়িত কারও পরিচয় পাওয়া যায়নি। তবে মাদকের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান এবং অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি। এরই ধারাবাহিকতায় গোদাগাড়ীতে এ অভিযান চালানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। Post navigation টঙ্গী বাজারে পশুখাদ্য ও ওষুধের দোকানে প্রাণিসম্পদ কর্মকর্তার অভিযান, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ