দুর্গাপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা সম্পন্ন, সবার প্রতি ইউএনও উম্মে হাবিবা ফারজানার কৃতজ্ঞতা

 👨‍💼মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। পূজার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পেছনে সংসদ সদস্য, সনাতন ধর্মাবলম্বী, পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দুর্গাপূজা মনিটরিং কমিটি, গোয়েন্দা সংস্থার সদস্য, সচেতন নাগরিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদ্‌যাপন কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ছাড়া দুর্গাপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ উৎসবকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহায়তা করেছে।

তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেলা প্রশাসকের সার্বক্ষণিক মনিটরিং ও দিকনির্দেশনা পূজার সার্বিক আয়োজনকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইউএনও উম্মে হাবিবা ফারজানা দুর্গাপুরকে পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, আনন্দ বাজারে কিনতে পাওয়া যায় না; আনন্দ আয়োজন করে নিতে হয়। রাজশাহীর দুর্গাপুরও যেন এমন এক ‘আনন্দবাজার’ হয়ে ওঠে, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে প্রতিটি ঘরে আনন্দ ছড়িয়ে পড়বে এবং মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি আরও প্রত্যাশা করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপুরে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হবে। একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *