বাঘায় সারের সরকারি মূল্য না থাকায় দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা,;

কৃষকদের স্বার্থে বাজার তদারকিতে এসিল্যান্ড নুসরাত জাহান অন্যন্যা

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

রাজশাহীর বাঘায় সারের বরাদ্দ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষকদের মতামত গ্রহণের পাশাপাশি বাজার তদারকিতে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অন্যন্যা। এ সময় সারের সরকারি মূল্য প্রদর্শন না করায় চন্ডিপুর বাজারের একটি সার বিক্রির দোকানিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সার বরাদ্দের বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অন্যন্যা। কৃষকদের সারপ্রাপ্তি, সরবরাহ ব্যবস্থা ও বাজার পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত ও অভিযোগ শোনেন তিনি।

পরে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে চন্ডিপুর বাজারে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে একটি দোকানে সারের সরকারি মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় দোকানিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অন্যন্যা বলেন, “কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সারের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়মিত তদারকি করা হচ্ছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা কিংবা কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের এমন বাজার তদারকি ও আইনগত পদক্ষেপে কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে সারের মূল্য ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed