লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের সদস্য আটক,; ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইমো আইডি হ্যাকিংয়ের অভিযোগ, দুই মোবাইলসহ গ্রেপ্তার; জুয়া ও সাইবার আইনে মামলা মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সিদ্দিক হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া, বেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, আটক সিদ্দিক হোসেন অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মো. আঃ জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে লালপুর থানার মহারাজপুর (ফতেহপুর) এলাকায় মো. আনিছুর রহমানের টিনসেট ভবনের উত্তরমুখী একটি ঘরে অভিযান চালানো হয়। অভিযানে ওই ঘর থেকে মহারাজপুর (ফতেহপুর) এলাকার বাসিন্দা মো. সিদ্দিক হোসেনকে আটক করা হয়। তিনি মো. দুলালের ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে এসব মোবাইল ফোন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার, বেটিং পরিচালনা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহারের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় আটক সিদ্দিক হোসেনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় এবং ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬, ১৭, ১৯ ও ২৭ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। লালপুর থানা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, বেটিং, সাইবার প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তির অপব্যবহার করে সংঘটিত অপরাধ শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। মামলার পর আটক সিদ্দিক হোসেনকে শনিবার (৩ অক্টোবর) নাটোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া, প্রতারণা ও সাইবার অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। Post navigation বিএনপি সরকার ইসলাম পরিপন্থী কোন কাজ করবে না: আমান উল্লাহ আমান স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত হত্যা: নওগাঁয় আন্তজেলা ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার, ; পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির প্রযুক্তিনির্ভর অভিযানে প্রধান সন্দেহভাজন আটক