অসহায়, বঞ্চিত মানুষের অধিকার ফেরাতে নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাবুস সালাম ফাউন্ডেশনের আবু রায়হান গিফারী, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নতুন একটি মানবসেবামূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাবুস সালাম ফাউন্ডেশন। সরকারি নিবন্ধন লাভের পর মানবসেবামূলক কার্যক্রমের প্রথম প্রকল্প হিসেবে ফাউন্ডেশনটি ‘পথশিশু সুরক্ষা কেন্দ্র’ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রকল্পের জন্য নির্ধারিত এক বিঘা জমি পরিদর্শন করেছেন বাবুস সালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা আনিছুর রহমান। সম্প্রতি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাঘের পাড়া, উত্তরগাঁও এলাকার ৭ নম্বর ওয়ার্ডে নির্ধারিত ওই জমি পরিদর্শন করেন তিনি। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অসহায় ও পথশিশুদের জন্য নিরাপদ আশ্রয়, সুরক্ষা ও শিক্ষার সুযোগ তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। পাশাপাশি এসব সুবিধাবঞ্চিত শিশুর সুন্দর ও স্বাবলম্বী ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে অসংখ্য পথশিশু নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছে। নিরাপদ আশ্রয়, শিক্ষা ও প্রয়োজনীয় পরিচর্যার অভাবে তাদের স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ নানা ঝুঁকির মধ্যে পড়ে। এসব শিশুর জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতেই ‘পথশিশু সুরক্ষা কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। সম্প্রতি বাবুস সালাম ফাউন্ডেশন সরকারি নিবন্ধন লাভ করেছে। নিবন্ধন পাওয়ার পর মানবসেবামূলক কার্যক্রমের প্রথম উদ্যোগ হিসেবেই এই পথশিশু সুরক্ষা কেন্দ্র প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। ফাউন্ডেশন কর্তৃপক্ষের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে অসহায় ও পথশিশুদের জন্য নিরাপদ পরিবেশে বসবাস, শিক্ষা ও প্রয়োজনীয় পরিচর্যার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তাদের ভবিষ্যৎকে আরও সুন্দর, নিরাপদ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। Post navigation রূপগঞ্জে ১৮ মামলার আসামি ‘কুত্তা শ্রাবণ’সহ ৪ জন গ্রেপ্তার, পিস্তল-গুলিসহ আটক টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান