রূপগঞ্জে ১৮ মামলার আসামি ‘কুত্তা শ্রাবণ’সহ ৪ জন গ্রেপ্তার, পিস্তল-গুলিসহ আটক মোহাম্মদ নূর,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকার কথিত কিশোর গ্যাং নেতা শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ (২০) ও তার তিন সহযোগীকে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে এসআরবি-১১। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজন হলেন—সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। তারা রূপগঞ্জের তারাবো পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসআরবি-১১-এর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড পিস্তলের গুলি, ৪ টি রামদা ও ২টি ছুরি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। অভিযানে এসপি মাহমুদ ও ক্যাপ্টেন রওনক নেতৃত্ব দেন। এসআরবি-১১ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তাদের সহযোগীসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি। পুলিশের ভাষ্য, শ্রাবণের বিরুদ্ধে হত্যা, মারামারি, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক, মাদক, ছিনতাই, নারী নির্যাতন ও ডাকাতিসহ মোট ১৮টি মামলা রয়েছে। পুলিশের দাবি, তার নেতৃত্বে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন এলাকার অপরাধীদের নিয়ে একাধিক কিশোর গ্যাং ও অপরাধী চক্র গড়ে ওঠে। পুলিশ আরও জানায়, শীতলক্ষ্যা নদীর তীরবর্তী নিশান মিলের ওয়াকওয়ে, তারাবো শিল্পাঞ্চল, সুলতানা কামাল সেতু ও তারাবো বাজার এলাকায় এসব চক্রের তৎপরতা ছিল। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল ও অবৈধ অস্ত্রের কারবারে জড়িত থাকার অভিযোগও রয়েছে শ্রাবণের বিরুদ্ধে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Post navigation তানোরে গাছ কাটার ঘটনায় কথিত সাংবাদিকের স্ট্যাটাস ঘিরে প্রশ্ন |; শুকনো ডাল কাটাকে ‘সরকারি গাছ লোপাট’ বলে প্রচার, অনুসন্ধানে মেলেনি ইউএনও নাইমা খানের সংশ্লিষ্টতার তথ্য অসহায়, বঞ্চিত মানুষের অধিকার ফেরাতে নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাবুস সালাম ফাউন্ডেশনের