চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ;

এসআরবি-৫-এর অভিযানে মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা জব্দ

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি রাজশাহী: 

রাজশাহীর চারঘাটে বিশেষ অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে।

এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানার মেরামতপুর ফকির মিলিটারির মোড়সংলগ্ন একটি ফার্নিচারের দোকানের সামনে সড়কে অভিযান পরিচালনা করে সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল।

এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনাকারী দল তাদের মোটরসাইকেলসহ আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চারঘাট উপজেলার মেরামতপুর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সোহেল রানা জনি (৩৭) ও মো. হাফিজল ইসলাম (২৯)।

পরে তাদের দেহ তল্লাশি করে সোহেল রানা জনির লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় রাখা ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়।

এসআরবি-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজেদের হেফাজতে রাখার কথাও স্বীকার করেন তারা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চারঘাট থানায় নথিভুক্ত হয়।

এসআরবি-৫ জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed