সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং হুমকি-নির্যাতন বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরির দাবি জানান। একই সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়। গত ২০ বছরে সাংবাদিক হত্যা ও গুমের ঘটনাগুলোরও দ্রুত বিচার দাবি করেন বক্তারা। রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাংবাদিকদের হুমকি, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার না হলে অধিকার ও নিরাপত্তার দাবিতে রাজপথে আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। মানববন্ধনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী মডেল প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন, অনলাইন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Post navigation জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তানোরে ফিজিক্স প্রাইভেট সেন্টার নামক কোচিং সেন্টারে শিক্ষক-ছাত্রীর ধূমপানের ভিডিও ভাইরাল ; ব্যবস্থা নেওয়ার কথা জানাল প্রশাসন