রাজশাহীতে র‍্যাব-৫-এর মাদকবিরোধী অভিযান,

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন মহিন্দ্রা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. শাহাদাত আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। অভিযানে তার বসতবাড়ি থেকে ১৫৬ পিস কমলা রঙের অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

র‌্যাব-৫-এর সিপিএসসি, রাজশাহীর চৌকস আভিযানিক দল গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মহিন্দ্রা গ্রামের একটি একতলা ভবন বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে র‌্যাব-৫-এর আভিযানিক দল গভীর রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মো. শাহাদাত আলীকে আটক করে। এ সময় বাড়ির উত্তর-পূর্ব কোণের একটি কক্ষের খাটের বিছানার ওপর বালিশের নিচে নীল রঙের এয়ারটাইট জিপার লক পলিব্যাগে রাখা ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

র‌্যাব-৫ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন জেলার খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মাদকদ্রব্য উদ্ধারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed