বিদ্যুৎ-জ্বালানি সংকট বৈশ্বিক, প্রভাব বাংলাদেশেও: প্রধানমন্ত্রী ছবি সংগৃহীত বিশেষ প্রতিনিধি : বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে এর প্রভাব বাংলাদেশেও পড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট মোকাবিলায় সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেছেন, দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের কাছে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এ সংকট শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। তিনি বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে ব্যবহার বা নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। যারা অবৈধ কর্মকাণ্ড ও অন্যায় করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অতীতে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহারের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে কেউ রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এসব আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী চলতি বছরেই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা জানান। Post navigation ২০২৭ সালের হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, সময় বাড়বে না শতভাগ ভাতা দাবিতে জটিলতা, আটকে আছে পে স্কেলের গেজেট