২০২৭ সালের হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, সময় বাড়বে না নিজস্ব প্রতিনিধি : ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। নিবন্ধন শেষে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজের নিবন্ধন ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। Post navigation বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়াল ; তীব্র লোডশেডিংয়ে জনদুর্ভোগ, কোথাও কোথাও ৭ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ নেই