প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

 

 দেশবার্তা বিডি ২৪.কম নিউজ ডেস্ক :

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ। এ ঘটনায় ওই নারীসহ দুজনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে নগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি আই-ব্লকের একটি ফ্ল্যাটে স্থানীয় লোকজন এএসআই মোহাম্মদ নুরুন্নবী মুন্না ও কাজী পারভীন আক্তারকে অবরুদ্ধ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এএসআই নুরুন্নবী মুন্না ডিএমপিতে কর্মরত। অপরদিকে কাজী পারভীন আক্তার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা এবং সৌদি আরবপ্রবাসী মো. জহির শাহের স্ত্রী।

মামলার এজাহারে বলা হয়েছে, জহির শাহ ২০১৮ সাল থেকে সৌদি আরবে অবস্থান করছেন। নুরুন্নবী মুন্না অতীতে আকবরশাহ থানায় কর্মরত থাকার সুবাদে ২০২১ সাল থেকে ওই প্রবাসীর বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নুরুন্নবী ওই ফ্ল্যাটে গিয়ে রাতযাপন ও শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এছাড়া দুজন যোগসাজশ করে ওই ফ্ল্যাট থেকে প্রবাসী জহির শাহের বিদেশ থেকে পাঠানো ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা সরিয়ে ফেলেছেন বলেও অভিযোগ করা হয়েছে। এসবের আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা।

পুলিশ তাদের থানায় নিয়ে আসার পর প্রবাসী জহির শাহের ভাই বাদী হয়ে আকবরশাহ থানায় ব্যভিচার, মারধর, চুরি ও হুমকির অভিযোগে মামলা করেন।

বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নুরুন্নবী মুন্না ও কাজী পারভীন আক্তারকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। পরে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাদের আদালতে পাঠানো হয়েছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *