কৃষকদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিআইজি আশিক সাঈদের বাংলাদেশ কৃষক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। 👨💼মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী : সারের সুষ্ঠু সরবরাহ, কৃষিপণ্য পরিবহণ নির্বিঘ্ন রাখা, জমি লিজসংক্রান্ত সমস্যা ও কৃষিকাজে ব্যবহারের জন্য শুল্কমুক্ত সোলার প্যানেলের সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ কৃষক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডলের নেতৃত্বে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। মতবিনিময়কালে কৃষকেরা সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা, কৃষিপণ্য পরিবহণে প্রতিবন্ধকতা দূর করা, জমি লিজ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং কৃষিকাজে সোলার প্যানেল ব্যবহারে শুল্কমুক্ত সুবিধার বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। ডিআইজি মো. আশিক সাঈদ কৃষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ভেজালমুক্ত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময়ে কৃষক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান ডিআইজি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে কৃষক সমাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মতবিনিময় শেষে কৃষক সমিতির প্রতিনিধি দলের পক্ষ থেকে কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য ডিআইজির সামনে প্রদর্শন করা হয়। পরে তিনি কৃষকদের উৎপাদিত পণ্য পরিদর্শন করে তাদের উৎসাহ ও শুভেচ্ছা জানান। এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Post navigation কৃষকের সারপ্রাপ্তি নিশ্চিত করতে শিবু দাসের নিবিড় মনিটরিং ; পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নজরদারি হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের অভিযোগ, দুই এসিল্যান্ড বদলি