ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

 পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে এলাকার যুবকদের জুয়ার সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ উঠেছে মো. আব্দুল মমিন (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে আজ ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. নাঈম হোসেন (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খানমরিচ ইউনিয়নের বৈদ্যামরিচ গ্রামের মো. নাঈম হোসেন আজ ভাঙ্গুড়া থানায় উপস্থিত হয়ে একই গ্রামের মো. আব্দুল মমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, আব্দুল মমিন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন এবং এলাকার বিভিন্ন যুবককে জুয়ায় সম্পৃক্ত করে আসছেন।

অভিযোগকারী জানান, বিষয়টি জানতে পেরে তিনি আব্দুল মমিনকে অনলাইন জুয়া থেকে বিরত থাকার জন্য একাধিকবার নিষেধ করেন। কিন্তু অভিযুক্ত তার কথায় কর্ণপাত না করে এলাকায় অনলাইন জুয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে তাকে বাধা দিলে বিভিন্ন সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ লেনদেন করে আব্দুল মমিন আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অভিযোগকারীর দাবি, অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে অর্জিত অর্থ দিয়ে তিনি একটি দ্বিতল ভবন নির্মাণ করছেন, যার ইতোমধ্যে একতলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় মো. মোখলেছ আলী, পিতা—আবু মুসা এবং মো. ফরজ আলী, পিতা—মৃত খোরশেদ ফকিরসহ এলাকার আরও কয়েকজন ব্যক্তি বিষয়টি দেখেছেন ও শুনেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মো. নাঈম হোসেন বলেন, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে এলাকার যুবসমাজকে রক্ষা এবং অভিযুক্তের হুমকি-ধমকি থেকে নিরাপত্তার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *