স্কুলের পরিচালনা কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: ডেপুটি স্পিকার

বিশেষ প্রতিনিধি :

শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের যুক্ত করে তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ‘বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিগত দিনের দলীয়করণের সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, স্কুল পরিচালনা কমিটির হাতে কিছু ক্ষমতা থাকে, যা অনেক সময় রাজনৈতিকভাবে অপব্যবহারের সুযোগ তৈরি করে। যারা রাজনীতি করতে চান, তাঁদের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক সংগঠনের কাঠামো রয়েছে।

শিক্ষকতা পেশার মর্যাদা তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষক আজীবন শিক্ষক। মৃত্যুর আগের দিন পর্যন্ত সমাজে তাঁরা ‘স্যার’ বা ‘ম্যাডাম’ হিসেবে শ্রদ্ধার পাত্র হয়ে থাকেন।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে ধরে কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র মেরামতের সর্বজনীন কর্মসূচির সংস্কারমূলক উদ্যোগগুলোকে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে বিবেচনা করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারীসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *