তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রি, দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাকের নেতৃত্বে পরিচালিত অভিযানে কালীগঞ্জহাটের ব্যবসায়ী তৈয়বুর রহমান (৩৬) ও সরনজাই ইউনিয়নের মণ্ডলপাড়ার মিজানুর রহমান (৪৭)কে জরিমানা করা হয়। এর মধ্যে তৈয়বুর রহমানকে ২০ হাজার টাকা এবং মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈধ লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তানোর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মণ্ডল বলেন, সার বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের বৈধ লাইসেন্সসহ সরকারি সব নিয়মকানুন মেনে চলতে হবে। লাইসেন্স ছাড়া সার বিক্রি কিংবা কৃষকদের হয়রানি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক বলেন, কৃষকদের স্বার্থে সার বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান বলেন, কৃষকেরা যাতে সরকারি নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, চলতি আমন মৌসুমে সার সরবরাহ ও দাম নিয়ে তানোরের কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে এমওপি সার নিয়ে সংকট এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রয়েছে বলে স্থানীয় কৃষকেরা জানিয়েছেন।স্থানীয় কয়েকজন কৃষক জানান, আমন মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইসেন্সবিহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে অবৈধভাবে সার বিক্রির প্রবণতা কমার পাশাপাশি কৃষকেরা হয়রানি ও অতিরিক্ত দামের হাত থেকে রক্ষা পাবেন।অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সার ও কীটনাশকের দোকানেও নজরদারি বাড়ানোর দাবি জানান স্থানীয়রা। প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থে সার বিক্রির অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে। Post navigation মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গোদাগাড়ী পৌরবাসীর পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনি পরিচ্ছন্ন পুঠিয়া গড়তে এসি ল্যান্ড শিবু দাসের উদ্যোগে পৌর এলাকায় ঘাস-আগাছা পরিষ্কার