এআই-সংযুক্ত সিসিটিভির সহায়তায় নওগাঁর স্বর্ণ ছিনতাই মামলার রহস্য উদ্ঘাটন, যশোর থেকে গ্রেপ্তার ১ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: নওগাঁ শহরে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–সংযুক্ত সিসিটিভি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় যশোর থেকে ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, গত ৩০ জুলাই রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালের গতিরোধ করে দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ১৪ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে সদর থানার অফিসার ইনচার্জ ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ ও বাহিরপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জের নেতৃত্বে তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্ত শুরু হয়। তদন্তে নওগাঁ শহরে সম্প্রতি স্থাপিত এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ, বিভিন্ন জেলার সিসিটিভি তথ্য এবং টোল প্লাজার ডেটা বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি শনাক্ত করা সম্ভব হয়। পরে টানা অভিযানে যশোর জেলা পুলিশের সহযোগিতায় যশোরের কোতোয়ালি এলাকা থেকে চক্রের সদস্য ও মাইক্রোবাসের চালক মো. জামাল হোসেন ফুলনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানান, চার সদস্যের একটি সংঘবদ্ধ চক্র এ ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তদন্তে জানা গেছে, চক্রটি ঢাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালকে অনুসরণ করে। তিনি ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে নওগাঁর উদ্দেশে রওনা দিলে ছিনতাইকারীরা মাইক্রোবাসে করে বাসটিকে অনুসরণ করে নওগাঁ পর্যন্ত আসে। পরে ভুক্তভোগী নওগাঁ বাসস্ট্যান্ডে নেমে তাজের মোড় এলাকায় পৌঁছালে তার হাতে থাকা ব্যাগ থেকে আনুমানিক ১৪ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়া হয়। পুলিশ জানায়, ঘটনার পরপরই শহরের বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করা হলে চক্রের সদস্যরা আলাদা হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। এ মামলায় গ্রেপ্তার জামাল হোসেন ফুলন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক অন্যান্য আসামিকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে তদন্তে আধুনিক প্রযুক্তি ও এআই-সংযুক্ত সিসিটিভি ব্যবস্থার কার্যকারিতা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলেও জানানো হয়। Post navigation সম্মতি ছাড়াই রাস্তা খনন করে টানেল স্থাপনের অভিযোগ, থানায় লিখিত আবেদন নওগাঁয় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার