মধুপুরের কৃতিসন্তান গীতিকার আমিনুল ইসলাম সেলিম: ৫২০ গানের স্রষ্টা, নতুন গান ঘিরে প্রত্যাশা

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের বাগানবাড়ি চৌরাস্তার কৃতিসন্তান আমিনুল ইসলাম সেলিম বর্তমানে মধুপুর শহরে সপরিবারে বসবাস করছেন। কর্মজীবনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হলেও তাঁর প্রকৃত পরিচয় একজন উদীয়মান ও সম্ভাবনাময় গীতিকার হিসেবে।

ছোটবেলা থেকেই বাংলা গানের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। বাংলা গান শুনতে শুনতেই গানের কথা লেখার প্রতি আগ্রহ জন্ম নেয়। সেই আগ্রহই একসময় নেশায় পরিণত হয়। ধারাবাহিক চর্চা ও পরিশ্রমের মাধ্যমে তিনি এ পর্যন্ত প্রায় ৫২০টি গান রচনা করেছেন।

আমিনুল ইসলাম সেলিম আধুনিক, লোকগান, দেশাত্মবোধক, রোমান্টিকসহ বিভিন্ন ধারার গান লিখে চলেছেন। তাঁর লেখা বেশ কয়েকটি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে “চাইলেই যদি মরণ পাওয়া যেতো”, “জীবনটা যদি রং আর তুলি হতো” প্রভৃতি।

সম্প্রতি প্রকাশিত তাঁর লেখা “এত ভালোবাসলাম তোরে” এবং “তুমি বাহিরে সুন্দর” শিরোনামের দুটি গান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। গান দুটির জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে তিনি নতুন নতুন গানের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বর্তমানে তাঁর নতুন গান “স্বপ্নে আসো আমার বুকে”-এর ভিডিও নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গানটি আগামী কয়েক দিনের মধ্যেই ভিডিওসহ প্রকাশ করা হবে।

নিজের সৃষ্টিশীলতা দিয়ে বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন আমিনুল ইসলাম সেলিম। তাঁর বিশ্বাস, ভালো কথা ও সুরের সমন্বয়ে নির্মিত গান শ্রোতাদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে। মধুপুরের এই তরুণ গীতিকারের সাফল্যে এলাকাবাসীও গর্বিত এবং ভবিষ্যতে তিনি বাংলা সংগীতাঙ্গনে আরও বড় অবদান রাখবেন—এমন প্রত্যাশা সবার।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *