পুলিশ সংস্কার ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে রাজশাহী রেঞ্জ ডিআইজি–ব্রিটিশ হাই কমিশনের বৈঠক

 

মমিনুল ইসলাম মুন।,নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ভবিষ্যতে নিরাপত্তা সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনের রাজনৈতিক বিভাগের প্রতিনিধি মি. জেরার্ড লায়ন্স (Gerard Lyons)।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ পুলিশের চলমান Police Reform কার্যক্রম, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জনমুখী পুলিশিং, বাহিনীর আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতা নিয়ে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডিআইজি মো. আশিক সাঈদ রাজশাহী রেঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং জনগণকেন্দ্রিক পুলিশিং কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে সরকার ঘোষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক অংশীদারদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই নয়, জনগণের আস্থা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানবাধিকারসম্মত পুলিশিং নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ পুলিশ আরও কার্যকর ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে উঠছে। আন্তর্জাতিক সহযোগিতা এ যাত্রাকে আরও গতিশীল করবে।”

ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি জেরার্ড লায়ন্স বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার উদ্যোগ এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তিনি পুলিশি সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে নিরাপত্তা সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাই কমিশনের Security, Defence and International Affairs Analyst এমডি কামরুজ্জামান (আমান) উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বাংলাদেশ পুলিশ এবং ব্রিটিশ হাই কমিশনের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে পুলিশ সংস্কার, দক্ষতা উন্নয়ন, আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *