এসপি নাঈমুল হাসানের দিকনির্দেশনায় তানোরে বিশেষ অভিযান: ওসি মাসুদ পারভেজের তত্ত্বাবধানে ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

 

 মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলাকে মাদকমুক্ত ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ সুপার মো. নাঈমুল হাসান-এর কঠোর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এক বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২২৫ টাকাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তানোর থানার এসআই উৎপল কুমার সরকার-এর নেতৃত্বে সঙ্গীয় এসআই আবু নাঈম, এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আসাদুজ্জামান এবং সঙ্গীয় ফোর্স তানোর উপজেলার ব্রাহ্মণজয় গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ব্রাহ্মণজয় গ্রামের বাসিন্দা

আকরাম (৫২)-এর বসতবাড়ি থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. রাজু আহমেদ (৩৩), পিতা- মো. আব্দুস সালাম, গ্রাম- শংকরপুর, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাজু দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া আলামত জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তানোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. নাঈমুল হাসান দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। তাঁর নির্দেশনায় জেলার প্রতিটি থানায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে একের পর এক মাদক কারবারি আইনের আওতায় আসছে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে।

তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের সহযোগীদের ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপারের নির্দেশনায় তানোর থানা এলাকায় মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতায় আমরা মাদকমুক্ত তানোর গড়ে তুলতে বদ্ধপরিকর।”

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই উৎপল কুমার সরকার বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।”

রাজশাহী জেলা পুলিশের চলমান এ ধরনের ধারাবাহিক অভিযানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। সচেতন মহলও জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার মো. নাঈমুল হাসান, তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ এবং অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের তৎপরতার প্রশংসা করেছেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *