তানোরে গভীর রাতে দোকানে আগুন, পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ

তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া ফুটবল মাঠসংলগ্ন খাদ্য গুদামের পাশের সড়কের ধারে একটি দোকানে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পরিকল্পিতভাবে আগুন লাগানোর অভিযোগ উঠেছে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মোজাহার আলীর দোকানে আগুন লাগে। আগুনের শিখা দেখতে পেয়ে গোল্লাপাড়া হাটের দায়িত্বরত আনসার ও ভিডিপির সদস্যরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানটির মালামাল পুড়ে যায়।

দোকান মালিকের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে দোকানে আগুন লাগানো হয়েছে। এ ঘটনায় তিনি রবি, বানেছা, বানেছার ছেলে রাকিব এবং বানেছার ভাই মিরাজের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ তুলেছেন।

তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া পুলিশও এখন পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *