চরাঞ্চলের নিরাপত্তা জোরদারে রাজশাহীর চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক,রাজশাহী : রাজশাহীর বাঘা-চারঘাটের চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ৭ নম্বর চকরাজাপুর ইউনিয়নে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। নতুন এই ফাঁড়ি চালুর ফলে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত হবে বলে আশা সংশ্লিষ্টদের। শনিবার (১১ জুলাই) চকরাজাপুর ইউনিয়ন বিএনপি কার্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফাঁড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই পুলিশ ফাঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, চারঘাট-বাঘা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খালেদ হোসেন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল হক এবং চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক। বক্তারা বলেন, নতুন পুলিশ ফাঁড়ি চালুর মাধ্যমে চরাঞ্চলের মানুষের জন্য পুলিশি সেবা আরও সহজলভ্য হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ফাঁড়িটি কার্যকর ভূমিকা রাখবে। উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত পুলিশ ফাঁড়ি ভবন পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। Post navigation নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে আরএমপির চেকপোস্ট অভিযানে ১৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার