নিয়ামতপুরে চোলাই মদের কারখানায় পুলিশের বড় অভিযান সহস্রাধিক লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : নওগাঁর নিয়ামতপুরে চোলাই মদ উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ, প্রস্তুত মদ ও ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া আলামত একটি বড় ধরনের চোলাই মদ উৎপাদন ও সরবরাহ চক্রের কার্যক্রমের ইঙ্গিত বহন করে। পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ৪ জুলাই ২০২৬ সন্ধ্যায় মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ মহাদেব সরদার ও ভুট্টু সরদার নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ছাতড়া কলকুলা পাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক শিল্পী ও কেতকীর বসতবাড়িতে গড়ে ওঠা একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পায়। অভিযানে কারখানা থেকে প্রায় ১ হাজার ৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ২৬ লিটার প্রস্তুত চোলাই মদ এবং কয়েকশ কোমল পানীয়ের বোতল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব বোতলে চোলাই মদ ভরে বাজারে বিক্রি করা হতো। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। Post navigation গোদাগাড়ীতে র্যাবের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডিআইজি শাহজাহানের নেতৃত্বে রাজশাহী রেঞ্জে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নজরদারি জোরদার