মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :

  1. রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আরএমপি সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গত ১২ জুন পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মো. মিলন (৩৮), তার স্ত্রী মোসা. রাকিবা খাতুন (৩৫) এবং হড়গ্রাম নতুনপাড়া এলাকার মো. সুজন আলী (৩২)।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মো. মিলনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় তার স্ত্রী রাকিবা খাতুন কৌশলে পালিয়ে যান।

পরে গ্রেপ্তারকৃত মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৯টার দিকে গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাকিবা খাতুনকে আটক করা হয়। এছাড়া রাত ১০টার দিকে হড়গ্রাম রানীদিঘী এলাকায় পৃথক অভিযান চালিয়ে সুজন আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানকালে মিলনের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। রাকিবার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে সুজনের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মিলনের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। এছাড়া রাকিবা খাতুনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় দুটি মাদক মামলা এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *