👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com
দেশবার্তা বিডি ২৪. কম,স্পোর্টস ডেস্ক,:
বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম প্রতীক্ষিত ম্যাচ ছিল ফ্রান্স ও নরওয়ের লড়াই।
কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। বিশ্রামে থাকায় হলান্ড মাঠে নামেননি, আর সেই সুযোগে ওসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স।
বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরাসিরা। ম্যাচের প্রথম মিনিটেই এমবাপ্পের জোরালো শট ক্রসবারে আঘাত হানে। এরপর এমবাপ্পের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই টানা তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন থেলো আসগার্ড।
নকআউট পর্বের আগে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে হলান্ড, মার্টিন ওডেগার্ড ও আলেক্সান্ডার সোরলথসহ বেশ কয়েকজন নিয়মিত ফুটবলারকে একাদশের বাইরে রাখেন নরওয়ের কোচ স্তোলে সোলবাকেন। ফলে বহুল আলোচিত হলান্ড-এমবাপ্পে দ্বৈরথ আর দেখা হয়নি।
এদিকে ব্যক্তিগত কারণে দলের সঙ্গে না থাকায় ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমের পরিবর্তে দায়িত্ব পালন করেন সহকারী কোচ গি স্তেফাঁ। তবে কোচের অনুপস্থিতির কোনো প্রভাব মাঠের খেলায় পড়েনি। পুরো ম্যাচেই আধিপত্য ধরে রাখে ফ্রান্স।
দ্বিতীয়ার্ধে নরওয়ে পেনাল্টি পেলেও ইয়র্গেন স্ট্রান্ড লারসেনের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়া। শেষ দিকে যোগ করা সময়ে ব্র্যাডলি বারকোলার ক্রস থেকে হেডে চতুর্থ গোলটি করেন দেজিরে দুয়ে।
এই জয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নিশ্চিত করে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে পা রাখল ফ্রান্স। অন্যদিকে হলান্ডকে বিশ্রামে রেখে কৌশলগত সিদ্ধান্ত নিলেও বড় ব্যবধানে হারের তিক্ততা নিয়েই গ্রুপ পর্ব শেষ করতে হলো নরওয়েকে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০