৭২ ঘণ্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার ;
রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে সারোয়ার জাহান মনি আটক

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী :
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মো. সারোয়ার জাহান মনি (২৩) কে মামলা দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সদর কোম্পানি, রাজশাহী।
এসআরবি-৫-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রওশন দিঘি (সাধুর মোড়) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সারোয়ার জাহান মনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নারায়ণপুর মুর্শিদা এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাদেকুল রহমান মাস্টার।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ১৭ বছর বয়সী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগে সারোয়ার জাহান মনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, প্রায় দেড় বছর ধরে ওই কিশোরীর সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল।
অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন রাতে থেকে ৮ জুন সকাল পর্যন্ত নগরীর কাজীহাটা এলাকার একটি হোটেলে এবং পরবর্তীতে ৮ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুর পর্যন্ত দাশপুকুর এলাকার একটি ভাড়া বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হয়। পরে বিয়ে না করে অভিযুক্ত বিভিন্নভাবে তালবাহানা করতে থাকেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা মো. খোবির বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেন। রাজপাড়া থানার মামলা নম্বর-৩৪, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-৫। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানির একটি অপারেশন দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর রওশন দিঘি এলাকায় অভিযান চালিয়ে সারোয়ার জাহান মনিকে গ্রেপ্তার করে।
এসআরবি-৫ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মামলার ঘটনা সম্পর্কে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। তবে তার বক্তব্যের স্বতন্ত্র সত্যতা যাচাই ও মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-৫ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মুন।
মোবাইল ০১৭৪০৯৩৫৮৭০